করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দৈনিক জবাবদিহি পত্রিকার সহকারী সার্কুলেশন ম্যানেজার শেখ বারিউজ্জামানের (৪৫) মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়। গত বুধবার দুপুরে করোনা উপসর্গ নিয়ে স্ত্রী কুলছিয়া খাতুনসহ তিনি হাসপাতালে ভর্তি হন। জবাবদিহি পত্রিকার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোকলেছুর রহমানের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বারিউজ্জামান সদর উপজেলার কোলা গ্রামের বাবু পাড়ার তাহের মিয়ার ছেলে।
তার শরীরে করোনাভাইরাস উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। তার মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফনের জন্য উপজেলা প্রশাসনে অবহিত করা হয়েছে। নমুনা পরীক্ষা রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।