ভাঙ্গা পৌরসভা

প্যানেল মেয়রের ছেলে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র লিয়াকত মোল্যার ছেলে শোয়েব মোল্যাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। একটি চাঁদাবাজি মামলায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তাকে ভাঙ্গা পৌর এলাকার হোগলাডাঙ্গী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

শোয়েব মোল্যার বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা ছাড়াও সন্ত্রাসী ও চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারের পর তাকে নিয়ে পুলিশ একাধিক স্থানে তল্লাশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান জানান, ২১ মে হোগলাডাঙ্গী গ্রামের ব্যবসায়ী সেকেন্দার বেপারীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে শোয়েব। টাকা না দেওয়ায় মারপিট করা হয়। এ অভিযোগে ২৬ মে তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। ভাঙ্গার মন্টু হত্যা মামলার অন্যতম আসামি ছিল সে।