শত বছরের অধিক বয়স নিয়ে নভেল করোনাভাইরাসকে হারিয়ে দিলেন এক মার্কিন নারী। কভিড-১৯ থেকে সেরে উঠেই বিয়ারে চুমুক দিয়ে উদযাপন করলেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানায়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বাসিন্দা ১০৩ বছরের বৃদ্ধা জেনি স্টেজনাকে হারাতে পারেনি করোনাভাইরাস। জেনির প্রবল প্রাণশক্তির কাছে হার মানে কভিড-১৯।
জেনির নাতনি শেলি গান জানান, ‘উনি চিরকালই প্রাণবন্ত। কোনও পরিস্থিতিতেই কখনও হার মানেননি।’
তিন সপ্তাহ আগে উইলব্রাহাম লাইফ কেয়ার সেন্টারে প্রথম করোনা আক্রান্ত হন জেনি স্টেজনা। দাদীর অবস্থার অবনতি হওয়ায় শেলি তার স্বামী ও চার বছরের মেয়ে ভায়োলেটকে নিয়ে চলে আসেন শেষ বিদায় জানাতে।
কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন জেনি স্টেজনা।
তবে নাতনি জানান, মৃত্যুকে বিন্দুমাত্র ভয় পাননি তার দাদী। বরং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি স্বর্গে যেতে প্রস্তুত কিনা, উত্তরে জানিয়েছিলেন, তিনি এক্কেবারে তৈরি।
কিন্তু অলৌকিকভাবে ১৩ মে থেকে সুস্থ হয়ে উঠতে শুরু করেন জেনি। শেলির কথায়, ‘আমরা ভীষণভাবে কৃতজ্ঞ।’
করোনাকে জয়কে জেনি স্টেজনা উদযাপন করলেন আইস কোল্ড বিয়ারে চুমুক দিয়ে। বিয়ার তার অত্যন্ত প্রিয় হলেও বহুদিন ঠোঁট ছোঁয়াননি। কিন্তু এবার আর তাকে কেউ বাধা দিলেন না।