লিবিয়ায় নিহত রাকিবুলের পরিবারের কাছে ১২ হাজার ডলার চেয়েছিল পাচারকারীরা

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের হাতে নিহত ২৬ বাংলাদেশিদের মধ্যে একজন যশোরের রাকিবুল ইসলাম (২৩)। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের খাটবাড়িয়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।  

নিহত রাকিবুলের বড় ভাই সোহেল রানা জানান, বাংলাদেশ থেকে গত ১৫ ফেব্রুয়ারি  লিবিয়ায় যান রাকিবুল। সেখানকার বেংগাজী শহরে একটি তেল কোম্পানিতে চাকরি নেন তিনি। দু’মাস চাকরি করার পর সেখানকার বাংলাদেশি দালাল আব্দুল্লাহর মাধ্যমে ৭০ হাজার টাকার বিনিময়ে রাজধানী ত্রিপলীতে যাওয়ার জন্য রওনা দেন ১৫ মে।

ত্রিপলী শহর থেকে ১০০ কি. মি. দূরে মিজদাহ শহরতলী থেকে বাঙালিসহ বেশ ক’জন বিদেশি তাদের অপহরণ করে একটি এলাকায় আটকে রাখে। পরে গত ১৮ মে প্রথমে তারা ১২০০০ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে নিহতের বড় ভাই সোহেল রানাকে ফোন দেয়।

মুক্তিপণের টাকা পরিশোধ করতে সোহল রানা রাজি হলে তারা দুবাইতে টাকা পাঠানোর জন্য বলে। কিন্তু নিহতের বড় ভাই বাংলাদেশে টাকা দিতে চাইলে অপহরণকারীরা তা প্রত্যাখান করে দুবাইতে ডলার পাঠানোর জন্য বার বার চাপ সৃষ্টি করে বলে সোহেল রানা জানান।

মুক্তিপণ নিয়ে আলাপচারিতার একপর্যায়ে গত ২৭ তারিখে অপহরণকারীরা রাকিবুল ইসলামসহ ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে।

নিহতের বড় ভাই আরও জানান, অপহরণকারীদের সাথে ৪/৫ জন বাঙালি রয়েছে, তারাই সার্বক্ষণিক তার সাথে মোবাইলে যোগাযোগ করেছে।