সাধারণ ছুটির কারণে ঘরে বসেই সময় কাটাচ্ছেন সংস্কৃতিকর্মীরা। আর দশজনের মতো মণিপুরী থিয়েটারের কর্মীরাও ঘরে বসে আছেন। তবে এই থিয়েটারের কলাকুশলীরা ঘরে বসে থাকলেও বেকার ছিলেন না। নির্মাণ করলেন লকডাউন শর্টফিল্ম সিরিজ। শুভাশিস সিনহার সংলাপ ও চিত্রনাট্যে ‘করোনার দিনগুলিতে প্রেম’ শিরোনামের তিন পর্বের এই সিরিজে অভিনয় করেছেন জ্যোতি সিনহা। সিরিজটি পরিচালনা করেছেন আগন্তুক।
দেশ রূপান্তরকে শুভাশিস বলেন, ‘এটির বিশেষত্ব পুরো গল্পটি এক শটে ধারণ করা, কোনো কাট নেই, যার ফলে স্ক্রিনে দেখলেও একই সঙ্গে থিয়েটারের মজাটাও খানিকটা পাওয়া যাবে। এখানে ৩টি ছোট ছোট ফিকশন আছে একটা ‘ঠগিনী’, যেখানে করোনাকালীন এক অসহায় মেয়েকে মোবাইল ফোনে অন্যকে চীট করে টাকা কামানোর পথ করতে গিয়ে এক করুণ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। আরেকটি গল্প ‘মেঘমেদুর’, এখানে করোনার চিকিৎসায় নিয়োজিত এক ডাক্তারের স্ত্রীর দ্বান্দ্বিক সম্পর্কের কথা বলা হয়েছে তৃতীয় গল্প ‘খেলা’, এই দুঃসময়ে এক মেয়ের আপন মনে সাজানো খেলা, প্রিয়জনের সঙ্গে, যার ভেতরে এক কষ্ট’।’
শুভাশিস আরও জানান, ২৯ মে থেকে সিরিজটির প্রচার শুরু হয়েছে, প্রতিদিন রাত ৯টায় জ্যোতি সিনহার ফেসবুক পেজে তিনটি স্বল্পদৈর্ঘ্য ফিকশনের প্রিমিয়ার হচ্ছে। আজ রাত ৯টায় প্রিমিয়ার হবে ‘মেঘমেদুর’। পরবর্তীতে জ্যোতির ইউটিউব চ্যানেলেও তিনটি ফিকশন পাওয়া যাবে। প্রথম পর্বটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের ভালো সাড়া পেয়েছে।