সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৮ বিচারক শপথ নিয়েছেন। শনিবার বেলা ৩টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৮ বিচারককে শপথ পাঠ করান।
সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘ভার্চুয়াল পদ্ধতি’তে বেলা তিনটায় ১৮ জন বিচারপতিকে শপথ পাঠ করিয়েছেন।
শপথ অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৮ জন অতিরিক্ত বিচারক হিসেবে এতদিন অস্থায়ীভাবে বিচারকের দায়িত্ব পালন করছিলেন। এই নিয়োগের মাধ্যমে স্থায়ী বিচারক হিসেবে তারা নিয়োগ পেলেন।
তারা হলেস বিচারপতি মো. আবু আহমেদ জমাদার, বিচারপতি এ এস এম আব্দুল মোবিন, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
এদিকে বিচারকদের শপথ অনুষ্ঠানের কারণে ফুলকোর্ট সভার সিদ্ধান্ত বাতিল করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।