চট্টগ্রামের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরেক করোনা রোগী মারা গেছেন। গতকাল শনিবার সকাল ১১টায় ৬৩ বয়সী ওই বৃদ্ধের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা গেছে ৭৪ জন।
হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, করোনা আক্রান্ত কাট্টলী এলাকার ওই ব্যক্তি গত ২৪ মে হাসপাতালে ভর্তি হন। তার ডায়াবেটিসও ছিল। শনিবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার তাকে প্লাজমা দেওয়া হয়েছিল বলেও জানান এ চিকিৎসক।
‘দৈনিক পূর্বকোণ’ এর প্রকাশনা সাময়িক বন্ধ : গত সপ্তাহে স্থানীয় ‘দৈনিক পূর্বকোণ’-এর দুই সংবাদকর্মী করোনা আক্রান্ত এবং অঙ্গ প্রতিষ্ঠানের এক কর্মীর মৃত্যুর পর পত্রিকাটির প্রকাশনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পত্রিকাটির অনলাইন সংস্করণ চালু আছে। পত্রিকাটির সম্পাদক ডা. রমিজউদ্দিন চৌধুরী বলেন, পত্রিকা মুদ্রণ সাময়িক বন্ধ রয়েছে। কার্যালয় জীবাণুমুক্ত করার কয়েকদিনের মধ্যে পত্রিকা আবার প্রকাশ করা হবে।