ঢামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার বিকেল পর্যন্ত) ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় তিনজন; অন্যরা উপসর্গ নিয়ে মারা যান। আগের দিন শুক্রবার করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়। এ নিয়ে ২৯ দিনে ৩২৩ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল কর্র্তৃপক্ষ বলছে, করোনা ইউনিটে কভিড-১৯ পজিটিভ রোগী ছাড়া উপসর্গ আছে এমন রোগী, নিউরো সার্জারি, অর্থোপেডিক্স, শিশু বিভাগের রোগীরাও চিকিৎসা পাচ্ছেন। এমনকি করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসা দেওয়া হয়। তাই অনেক সাধারণ রোগী আছে বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে শেষ মুহূর্তে ঢামেকে আসেন। তখন চিকিৎসকদের কিছুই করার থাকে না।

এদিকে ঢামেক হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপির জন্য গঠিত কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান বলেন, যারা প্লাজমা দিচ্ছেন তাদের ভয়ের কোনো কারণ নেই। তাদের রি-ইনফেকশন হওয়ার আশঙ্কা নেই। করোনা আক্রান্ত যারা সুস্থ হয়েছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। আপনার দেওয়া প্লাজমায় সুস্থ হতে পারে আরেকজন মানুষ।