গাজীপুরে লুট হওয়া অস্ত্রসহ ৩ ‘ডাকাত’ গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একটি ব্যাটারি কারখানার লুট হওয়া অস্ত্র উদ্ধারসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার তিনজন ডাকাতদলের সদস্য। গতকাল শনিবার সকালে নরসিংদীর পলাশের জিনারদী এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সকালে নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো নরসিংদীর পলাশ উপজেলার বিরিন্দা গ্রামের মো. হারুন মিয়া (২৪), সুজন সরকার (২২) ও আশরাফপুর গ্রামের অনিক মিয়া (২০)।

পুলিশ জানায়, গত ২২ এপ্রিল রাতে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের চায়না ফ্যাক্টরি নামে ওই ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় কোনো মালামাল না নিতে পারলেও নিরাপত্তা প্রহরীর কাছে থাকা শটগানটি লুটে নেয় ডাকাতরা। ওই ঘটনায় ৩০ এপ্রিল কারখানার কর্মকর্তা হোসেন আলী বাদী হয়ে অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে মামলা করেন। 

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করে তারা। শনিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।