জি-৭ সম্মেলন পিছিয়ে দেবেন ট্রাম্প

চলমান সংকটের কারণে জুনের শেষ দিকে অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ পিছিয়ে দেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, পরবর্তী সম্মেলন হবে আরও বিস্তৃত। আমন্ত্রণ জানানো হবে অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারতকেও।

ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল থেকে ওয়াশিংটনে ফেরার সময় এয়ার ফোর্স ওয়ানে এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তার মতে, জি-৭ ভুক্ত দেশগুলোর বর্তমান ফরম্যাট ‘খুবই সেকেলে’।

“আমি এটা স্থগিত করব। বিশ্বে যা হচ্ছে তা জি-৭ যথাযথভাবে উপস্থাপন করতে পারে বলে আমার মনে হয় না।”

তবে কবে নাগাদ সম্মেলনটি হচ্ছে এ ব্যাপারে পরিষ্কার কিছু জানানি ট্রাম্প। তবে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে বা পড়ে হতে পারে। এমনকি নভেম্বরের যুক্তরাষ্ট্রের আসছে প্রেসিডেন্ট নির্বাচনের পরেও হতে পারে ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের।

জি-৭ এর বর্তমান সদস্য দেশ- যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন জোট। ট্রাম্পের ভাষায়, আসছে সম্মেলনটির আকার ‘জি-১০ বা জি-১১’ হতে পারে।

করোনা মহামারির তারণে জুনের শেষ দিকে এবারের সম্মেলনটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়ার কথা। তা সত্ত্বেও ক্যাম্প ডেভিডে আসছে সম্মেলনে ব্যক্তিগত উপস্থিতি চান ট্রাম্প।

কিন্তু যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এরই মধ্যে ‘না’ বলে দিয়েছেন। বাকি সদস্যভুক্ত দেশগুলোর অবস্থানও পরিষ্কার নয়।

বয়সের দিক থেকে, জি-৭ নেতৃবৃন্দের মধ্যে ৭৩ বছর বয়সী ট্রাম্পের পরই সবচেয়ে বেশি বয়স্ক জার্মানির চ্যান্সেলর মের্কেল। এরপরই রয়েছেন জাপানের শিনজো অ্যাবে। অতি ছোঁয়াচে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি বয়স্কদেরই বেশি।

আর এখন পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে বেশি প্রকোপ যুক্তরাষ্ট্রে। বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশই দেশটিতে, ১৭ লাখ ৭০ হাজার; মৃত্যুর তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র, ১ লাখ ৩ হাজার।