করোনার উপসর্গ নিয়ে চবি শিক্ষকের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাবরিনা ইসলাম সুইটি নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ শিক্ষক। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে।

সাবরিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়।

মৃত শিক্ষকের পরিবার জানায়, শনিবার রাত ১০টার দিকে সাবরিনা ইসলাম সুইটির শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। কিন্তু এ সময় আইসিইউর প্রয়োজন থাকলেও কোথাও আইসিইউ শয্যা খালি ছিল না। পরে রাত ২টা ৪৫ মিনিটে শ্বাসকষ্ট নিয়েই মারা যান সুইটি।

এর আগে শনিবার দুপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রকৌশল দপ্তরের তৃতীয় শ্রেণির কর্মচারী মোহাম্মদ হুমায়ন ভূঁইয়া মৃত্যু হয়।

মৃত মোহাম্মদ হুমায়ন ভূঁইয়া ডায়াবেটিসের পাশাপাশি দীর্ঘদিন জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন বলে জানা যায়।