প্রায় ১২ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর বাড্ডা থানার বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা-১) মামলাটি দায়ের করেন। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়, বেরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত ১১ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৪৪৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ তার নিজ নামে অর্জন করেছেন। দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ কোটি ২৮ লাখ ৬১ হাজার ৪২৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন।
এজাহারে আরও বলা হয়, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলম এর নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। তিনি ২০১৮ সালের ৩১ অক্টোবর কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। দীর্ঘ অনুসন্ধান শেষে কমিশনের অনুমোদন সাপেক্ষে রবিবার মামলা করা হয়।