বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যানের দায়িত্বে থাকা নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার স্ত্রী, পুত্র ও পুত্রবধূসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নজরুল ইসলাম বেসরকারি এক্সিম ব্যাংকেরও চেয়ারম্যান।
পাঁচ দিন আগে তাদের করোনা শনাক্ত হয় বলে জানিয়েছেন এক্সিম ব্যাংকের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান সঞ্জীব চ্যাটার্জী।
নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম মহাখালী ডিওএইচএসের বাসায় চিকিৎসা নিচ্ছেন। আর তাদের ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম এবং তার স্ত্রী আনোয়ার খাঁন মডার্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, নজরুল ইসলাম ও তার স্ত্রীর অবস্থার উন্নতির দিকে। তবে বাসায় চিকিৎসা নিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শনিবার ছেলে ও পুত্রবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।
নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী নাসরিন ইসলামও এক্সিম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক।
এ পরিবারের মালিকানাধীন নাসা গ্রুপের মূল বিনিয়োগ বস্ত্র ও তৈরি পোশাক খাতে। এ গ্রুপের কারখানাগুলোতে প্রায় ৩০ হাজার শ্রমিক কর্মরত।
বস্ত্র ও তৈরি পোশাক, ব্যাংক, শেয়ারবাজার ছাড়াও নজরুল ইসলাম মজুমদারের বিনিয়োগ রয়েছে আবাসন, শিক্ষা ও পর্যটন খাতেও।
গত ২০০৮ সালের ২১ জানুয়ারি থেকে বিএবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন নজরুল ইসলাম মজুমদার।