গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের দুই কর্মকর্তাকে বহিষ্কার করল ভারত। রবিবার রাতে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
বার্তা সংস্থা এএফপি জানায়, চীনের সঙ্গে ভারতের সীমান্তবিরোধ নিয়ে চরম উত্তেজনার মধ্যে এমন ঘটনা ঘটল। অভিযুক্ত দুই পাক কূটনীতিককে ২৪ ঘন্টার মধ্যে ত্যাগ করতে বলছে ভারত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কূটনীতিক মিশনের সদস্য হলেও পাক দূতাবাসের ওই দুই কর্মী যে ধরনের কাজের সঙ্গে জড়িত তা তাদের পদমর্যাদের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এই কারণে তাদেরকে পারসোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত বলে ঘোষণা করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের দেশ ছাড়তে বলা হয়েছে।
ভারতীয় গোয়েন্দা সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নয়াদিল্লিতে নিরাপত্তা সংক্রান্ত নথিপত্র আইফোনে হস্তান্তরের সময় আবিদ হুসেন ও মোহাম্মদ তাহির নামে ওই দুই পাক কর্মকর্তা ধরা পড়ে যান। তারা ভারতীয় বলে প্রথমে দাবি করেছিল। জাল আধার কার্ডও দেখায় তারা। পরে জেরার মুখে স্বীকার করেন তারা পাক হাইকমিশনের কর্মকর্তা।
এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে নিযুক্ত পাক হাইকমিশনের কর্মকর্তাদের ওপর ভিত্তিহীন ও অপ্রমাণযোগ্য অভিযোগ আনা হয়েছে। কূটনীতিকদের উপর এ ধরনের অত্যাচার, হুমকি ও চাপের বিরোধিতা করা হচ্ছে।
ভারতের পদক্ষেপে ভিয়েনা কনভেশন লঙ্ঘন করা হয়েছে বলে দাবিও করে পাকিস্তান। এর আগে ২০১৬ সালে পাক হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করেছিল নয়াদিল্লি। সেসময় দুই দেশই একে অপরের হাইকমিশনে নিযুক্ত কর্মকর্তাদের দেশ ছাড়তে নির্দেশ দিয়েছিল।