গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওরে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে এদিন সকাল ১০টার দিকে উপজেলার বরটিয়া বাজারের পাশে এই ঘটনা ঘটে। ওই গৃহবধূ এক সন্তানের জননী।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরটিয়া ইউনিয়নের মৌহালী গ্রামের ছলিম মিয়ার ছেলে ওয়াসিম হোসেন (২০), সাজাহান মিয়ার ছেলে রাবিক হোসেন (২০) ও আব্দুল কুদ্দুসের ছেলে রেদোয়ান (২০)।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বামীর বাড়ি বরটিয়া ইউয়িনের মৌহালী গ্রামে। ঈদের আগের দিন তিনি পার্শ্ববর্তী কর্জনা গ্রামে বাবার বাড়িতে আসেন।

রবিবার সকালে বাবার বাড়ি থেকে ওই নারী ফ্লেক্সিলোড করতে বরটিয়া বাজারে যান। সেখানে তার চাচাতো দেবর ওয়াসিম ওই নারীকে কথা বলার জন্য বাজারের পাশের একটি নির্জন ভিটায় নিয়ে যায়। পরে ওয়াসিম ও তার ৭/৮ জন সহযোগী ওই নারীকে ধর্ষণ করে।

তিনি আরও জানান, রবিবার রাতে গৃহবধূর মা বাদী হয়ে ওয়াসিমসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই রাতেই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ সকালে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।