সংসদ টেলিভিশন দেখে কাভার করতে হবে বাজেট অধিবেশন

আসন্ন বাজেট অধিবেশন সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে কাভার করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সোমবার সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়।

আগামী ১০ জুন বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ একাদশ সংসদের এ অষ্টম অধিবেশন আহ্বান করেন।

এ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১১জুন এ বাজেট উপস্থাপন করবেন। একই সঙ্গে তিনি চলতি অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক করোনা ভাইরাস (কভিড ১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে বাজেট অধিবেশনের সকল কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অধিবেশন হতে কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়।

করোনা পরিস্থিতিতে বাজেট অধিবেশনকালীন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হবে না বলেও সংসদ সচিবালয় থেকে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ জুন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পরপরই বিকেল ৩টা ১৫ মিনিটে সংসদ ভবনস্থ মিডিয়া সেন্টার হতে সুশৃঙ্খলভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে ‘বাজেট ডকুমেন্টস’ বিতরণ করা হবে।

এক্রিডিটেশন কার্ড প্রদর্শন করে সংসদ চত্বরে প্রবেশ করে বাজেট ডকুমেন্টস গ্রহণ করা যাবে। প্রত্যেক গণমাধ্যম হতে একজনের অধিক সদস্য প্রেরণ না করার জন্য সংসদ সচিবালয় থেকে অনুরোধ করা হয়েছ।