চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নবপ্রতিষ্ঠিত করোনা ভাইরাস শনাক্তকরণ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদে প্রতিষ্ঠিত ল্যাবটিতে প্রতিদিন সর্বোচ্চ ৫০০ টি নমুনা পরীক্ষা সম্ভব হবে।
সোমবার বিকেল তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ল্যাব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংসদ বেগম ওয়াসিকা আয়েশা খান, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এবং চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমেদ।
উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে দরকার বেশি বেশি নমুনা পরীক্ষার মাধ্যমে রোগী শনাক্তকরণ, রোগীর সংস্পর্শ নিরূপণ এবং শনাক্তকৃত রোগীকে যথাযথভাবে সেবা প্রদান। আর যে কোন দুর্যোগময় মুহূর্তে সকলেই সম্মিলিতভাবে এগিয়ে আসলে যত কঠিন বাঁধাই আসুক না কেন তা মোকাবিলা করা সম্ভব। তাই এ ল্যাব বিশ্ববিদ্যালয় পরিবার তথা চট্টগ্রামবাসীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষায় চবি পরিবার স্বেচ্ছায় এগিয়ে আসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট শিক্ষক-গবেষকসহ সকলকে সাধুবাদ জানাচ্ছি।
এসময় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, এ ল্যাব প্রতিষ্ঠার ফলে এ অঞ্চলের চট্টগ্রামবাসী বিশেষ উপকৃত হবেন। এসময় তিনি একাজে নিয়োজিত সংশ্লিষ্ট শিক্ষক-গবেষক এবং সহকারীবৃন্দদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন। পরে উপাচার্য ফিতা কেটে ল্যাবে প্রবেশ করেন এবং ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। এ সময় চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর ও সহকারী প্রক্টর, শিক্ষকবৃন্দ-গবেষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যথাযথ শারীরিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।