প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চলেছে: কাদের

গণপরিবহন চালুর প্রথম দিনে স্বাস্থ্যবিধি মানা হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সংসদ ভবনস্থ সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ দাবি করেন।

পরিবহন মালিক-শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন  গতকাল (সোমবার) থেকে শর্ত সাপেক্ষে সারাদেশে গণপরিবহন চলছে। প্রথম দিনে অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হয়েছে।

‘অর্ধেক বা তার চেয়ে কম যাত্রী নিয়ে গণপরিবহন চলেছে। অনেকের ভাড়া সমন্বয় নিয়ে শঙ্কা ছিল। স্বাস্থ্যবিধি মেনে জনগণের প্রতি মানবিক আচরণ এবং সংকটে ইতিবাচক সাড়া দেওয়ায় মালিক সমিতি ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি’ যোগ করেন তিনি।

মালিক-শ্রমিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, অনেকে মনে করছেন- যাত্রী সংখ্যা বাড়লে পরিবহনগুলো অর্ধেক আসন খালি রাখার শর্ত মানবে না। জনগণের এই আশঙ্কা থেকে পরিবহন মালিক-শ্রমিকদের নিজেদের মুক্ত রাখতে হবে।

করোনার বিষয়ে সবাইকে সতর্ক করে তিনি বলেন, সকলে সচেতন থাকলে কভিড সংক্রমণরোধ সহজ হবে বলে আমি বিশ্বাস করি।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, করোনাভাইরাস মালিক-শ্রমিককে আলাদাভাবে চিনবে না। ছাড় দিবে না কাউকে। তাই নিজেদের স্বার্থেই সচেতনতা জরুরি।

বিএনপি ‘বিষোদগারের ভাইরাসে আক্রান্ত’ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,  একটি দল করোনা সংক্রমণের শুরু থেকে একই বক্তব্য দিয়ে আসছেন। অনবরত সমালোচনার ভাঙা রেকর্ড বাজাচ্ছে বিএনপি। অন্ধ সমালোচনা, নেতিবাচকতা আর মিথ্যাচারের বৃত্ত থেকে তারা বেরোতে পারছে না।

তিনি বলেন, নেতিবাচক ও দায়িত্বহীন রাজনীতির জন্য ইতোমধ্যে তারা রাজনীতির আইসোলেশনে পৌঁছে গেছে। বিষোদগারের ভাইরাসে আক্রান্ত বিএনপি ভালো কাজ দেখতে পায় না। তাদের মনে ছড়িয়ে পড়েছে নেতিবাচকতার সংক্রমণ।

বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন, সরকার নাকি কানে তুলো দিয়েছে। আমি বলতে চাই- সরকারের ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় আছে। বরং আপনারাই দেখতে পাচ্ছেন না অসহায়-কর্মহীন মানুষের কষ্ট। জীবন রক্ষা ও জীবিকার সমন্বয়।