বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের ওপর হামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি বিগত সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

সোমবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় বিএনপি নেতা আজাদসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- থানা যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, ছাত্রদল নেতা রনি, মেহেদী হাসান রানা, রুবেল রাসেল, ইয়াসিন, আশরাফুল ও নাদিম।

আহত থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুম শিকারী মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, স্থানীয় দক্ষিণপাড়া এলাকায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর বাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচি ছিল। এ সময় রান্না করা খাবার ও বস্ত্র বিতরণ শেষে ফিরছিলেন।

তিনি বলেন, দক্ষিণপাড়া প্রবেশের প্রথম ব্রিজের কাছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময়  বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ২০ থেকে ২৫ জন  নেতাকর্মী আহত হয়েছেন।

এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ দেশ রূপান্তরকে বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ ১৫ জন আহত হই। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।