রোনালদোদের জন্য মাঠে দর্শক আনার ভাবনা

দর্শক ছাড়া খেলতে নামা খেলোয়াড়দের কাছে কখনই উৎসাহজনক নয়। একথা মাথায় রেখেই সবরকম সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করে অল্প সংখ্যক দর্শকদের মাঠে ঢোকার অনুমতি নিয়ে ভাবছে ইতালিয়ান ফুটবল সংস্থা। সরকারের সঙ্গে এরই মধ্যে আলোচনাও শুরু করেছে সংস্থাটি।

করোনাভাইরাসের কারণে মার্চেই বন্ধ হয়ে যায় ইতালিয়ান লিগ সিরি আ। ২০ জুন থেকে ফের শুরু হবে এই আসর। তবে সেটা দর্শকশূন্য গ্যালারিতেই।

তার আগে ইতালিয়ান ফুটবল সংস্থা ৪০ পাতার নির্দেশিকা দিয়েছে। যেখানে ম্যাচ আয়োজনের নতুন নিয়মের কথা জানিয়েছে। বর্তমান নিয়মে ম্যাচের সময় দুই দলের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা ও সাংবাদিক মিলিয়ে ৩০০ জনের বেশি মানুষ মাঠে থাকতে পারবেন না।

তবে সংবাদমাধ্যমে খবর, পরবর্তী বৈঠকেই ইতালিয়ান ফুটবল সংস্থা দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনা করবে।

ফেডারেশন সভাপতি গ্যাব্রিয়েল গ্রাবিন্দা এ প্রসঙ্গে বলেন, ‘এই বিষয়টা (মাঠে দর্শক উপস্থিতি) আমি মন থেকে চাইছি। এটা মেনে নেওয়া কঠিন যে, ৬০ হাজার মানুষকে একসঙ্গে বসে খেলা দেখার ব্যবস্থা করতে পারে যে স্টেডিয়াম, সেখানে সতর্ক হয়ে অল্প কিছু মানুষকেও খেলা দেখানোর ব্যবস্থা করা যাবে না।’

সুতরাং, সব ঠিকঠাক থাকলে আবার মাঠে গিয়ে রোনালদোদের খেলা দেখতে পারবেন ইতালিয়ান ফুটবল সমর্থকেরা।