সিনেমার শুটিং করার আগে করতে হবে করোনা পরীক্ষা

গত ১৯ মার্চ থেকে বন্ধ ছিল সব ধরনের শুটিং। বেকার বসেছিলেন সিনেমার কলাকুশলীরা। এদিকে লকডাউন খুলে দেওয়ার ফলে শিগগিরই শুরু হবে সিনেমার শুটিং। ২ জুন, মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি ও পরিচালক সমিতির নেতৃবৃন্দ এক সভায় সিদ্ধান্ত নেন ৫ জুন থেকে চলচ্চিত্রের শুটিং শুরু করা হবে। বেশ কিছু নিয়ম মেনেই শুটিংয়ে অংশ নিতে পারবেন কলাকুশলীরা। শুধু তাই নয়, শুটিংয়ে অংশ নেওয়ার আগে প্রত্যেকের করোনা টেস্টও করতে হবে।

এ বিষয়ে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘চলচ্চিত্রে শুটিংয়ে যদিও সামাজিক দূরত্বের ব্যাপারগুলো পুরোপুরি মানা কঠিন হবে। কারণ এখানে মারামারির দৃশ্য কিংবা নাচ-গানের দৃশ্য, নায়ক-নায়িকার রোমান্টিক দৃশ্য থাকে। যেখানে একজন আরেকজনকে স্পর্শ করতে হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শুটিং ইউনিটের লোক যতটুকু সংক্ষিপ্ত করে কাজ করা, একই সঙ্গে প্রধান প্রধান শিল্পী ও টেকনিশিয়ানদের করোনা টেস্ট করিয়ে তারপর শুটিং করা—এ রকম একটি নির্দেশনা দিয়েছি আমরা। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলছে হবে।’

তিনি আরও জানান, বিএফডিসির প্রযোজক ও পরিবেশক সমিতির কার্যালয়ে মঙ্গলবার বিকেল ৪টায় মিটিংটি অনুষ্ঠিত হয়। এতে খসরু ছাড়া উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলমসহ বেশ কয়েকজন নেতা।