আহলে সুন্নাতের নেতা নুরুল ইসলাম হাশেমী মারা গেছেন

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (৯২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল মঙ্গলবার ভোর ৫টায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাশেমীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনির আজাদ বলেন, ‘গত শনিবার হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি ও নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে মা ও শিশু হাসপাতালে ভর্তি হন হাশেমী। সোমবার সকালে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়। দুপুরে মাইল্ড স্ট্রোক করার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর মঙ্গলবার ভোরে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।’

ছেলে ফোরকান হাশেমী জানান, মঙ্গলবার রাত ৯টায় নগরীর জালালাবাদ দরবারে হাশেমীয়া আলিয়াতে তার বাবার জানাজা হবে। হাশেমীর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানসহ অনেকে শোক প্রকাশ করেছেন।