দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার জন্য চট্টগ্রামের সরকারি-বেসরকারি তিনটি হাসপাতালে মোট ছয়টি ভেন্টিলেটর ও আটটি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা (অক্সিজেন সরবরাহ যন্ত্র) দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। এস আলম গ্রুপ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ বিষয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দীন চৌধুরী জানান, ‘চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি সংক্রমিত রোগীর মৃত্যুর হারও বেড়েছে। বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটরসহ চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা রয়েছে। তাই চেয়ারম্যান স্যার এসব চিকিৎসা সরঞ্জাম দেওয়ার সিদ্ধান্ত নেন।’
চমেক হাসপাতালে চারটি ভেন্টিলেটর ও চারটি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুটি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে দুটি ভেন্টিলেটর ও দুটি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা দেওয়া হয়। হাসপাতালের প্রতিনিধিরা এসব সরঞ্জাম গ্রহণ করেন।