ঝিনাইদহে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহ শহরের আরাপপুরের একটি বাসা থেকে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব। মঙ্গলবার মধ্যে রাতে যৌথ এ অভিযান চালানো হয়।

ঝিনাইদহ র‌্যাব- ৬ এর ক্যাম্পের এসএসপি শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের আরাপপুর এলাকার একটি বাসায় বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে যৌথ অভিযান পরিচালনা করে।

পরে সেখান থেকে নিষিদ্ধ সীমা ফার্মাসিউটিক্যালস এর বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। আটক করা হয় ওষুধ ব্যবসায়ী বকতিয়ার রহমানকে।

আটক বকতিয়ার রহমান শৈলকুপা উপজেলার ব্রাহিমপুর গ্রামের আনছার আলীর ছেলে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, আটককৃত ওষুধ অনেক আগেই বিক্রয় নিষিদ্ধ করা হয়। এছাড়া নিম্ন মানের কিছু ওষুধ সেখানে সিলগালা করা হয়েছে। নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে নকল প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।