উপজেলা-পৌরসভায়ও টিসিবির পণ্য বিক্রির নির্দেশ হাইকোর্টের

করোনাভাইরাস মহামারীর এই সময়ে সারাদেশে উপজেলা ও পৌরসভা পর্যায়েও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির ভোগ্যপণ্য সাধারণ মানুষের মাঝে বিক্রি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আদেশের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাণিজ্য সচিব ও টিসিবির চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর ভিডিও কনফারেন্সে শুনানি নিয়ে বুধবার বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

গত ১৬ মে জনস্বার্থে ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন’র পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুমায়ন কবির পল্লব ই-মেইলের মাধ্যমে এ রিট আবেদনটি করেন। এর আগে সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠান আইনজীবী।

তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সাধারণ ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন। টিসিবির নির্ধারিত ও স্বল্পমূল্যের ভোগ্যপণ্য পৌরসভা ও উপজেলা পর্যায়ে বিক্রয় করলে স্বল্প আয়ের মানুষেরা কিছুটা হলেও স্বস্তি পাবে।

আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী তাপস কান্তি বল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।