করোনা: এবার রেমডিসিভির অনুমোদন দিল দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া করোনাভাইরাসের ওষুধ রেমডিসিভির আমদানি ও ব্যবহারের অনুমোদন দিয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার খাদ্য এবং নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, আক্রান্তদের শরীর থেকে দ্রুত করোনার উপসর্গ নিরসন করছে রেমডিসিভির। ওষুধটি রোগীদের দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করছে।

যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতে এই ওষুধ ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞানীরা এখনো করোনাভাইরাসের একটি প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইবোলা প্রতিরোধের জন্য এই ওষুধ তৈরি করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিটিক্যাল গিলিয়াড সায়েন্সেস। তবে ইবোলা চিকিৎসায় আফ্রিকাতে এই ওষুধ সফলতা দেখাতে ব্যর্থ হয়। 

করোনা চিকিৎসায় এই ওষুধ বেশ কার্যকরী বলে দাবি করেছে গিলিয়াড। করোনা চিকিৎসায় সর্বপ্রথম ওষুধটি ঘিরে সম্ভাবনা দেখা দেয়। 

চীনের একটি গবেষণা এই ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেও গিলিয়াডের দাবি রেমডিসিভির গ্রহণ করে দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছে করোনা রোগী। কয়েকশ রোগী নিয়ে পরিচালিত ট্রায়ালে অর্ধেক রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ওষুধটি গ্রহণ করে।