রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান হাসান রাজা ও ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খানসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আগুনে নিহতের এক স্বজন। তিনি নিহত এন্থনী পলের মেয়ের স্বামী রোনাল্ড নিকি গোমেজ।
পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, হাসপাতালটিতে অগ্নিকাণ্ডে রোগি পুড়ে মারা যাওয়ার ঘটনায় নিহতের এক স্বজনের পক্ষ থেকে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে হাসপাতালটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ আটটি পদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আসামি করে এজাহার দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই তোফাজ্জল হোসেন দেশ রূপান্তরকে বলেন, বুধবার রাত ৯টার দিকে হাসপাতালের প্রধানসহ চিকিৎসা সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সবাইকে আসামি করে মামলা হয়েছে।রাজধানীর ব্যয়বহুল এই হাসপাতালটিতে গত বুধবার রাত ১০টার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জন রোগী নিহত হন।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান হাসান রাজা সে দিন জানান, নিহতরা লাইফ সাপোর্টে ছিলেন এবং এসির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।
এ বিষয়ে হাসান রাজা দেশ রূপান্তরকে বলেন, হসপিটালের ওই অংশটি মাসখানেক আগে চালু করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ডাক্তার-নার্সদের কেউ হতাহত হয়নি।
ডিসি গুলশান সুদীপ চক্রবর্তী জানান, নিহতদের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ এবং ২ জনের নেগেটিভ। পজিটিভদের দাফন আইইডিসিআরের গাইড লাইন অনুসারে হবে। অন্য দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ডিসি তখন আরো বলেন, করোনা আসোলেশন ইউনিটে প্রচুর স্যানিটাইজারসহ অন্যান্য দাহ্য পদার্থ ছিল। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায়। ৯টা ৪৮ মিনিটে ১ রোগীর স্বজন ৯৯৯ এ ফোন করে আগুনের খবর দেয়। পরে ভাটারা থানা পুলিশ বিষয়টি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে জানায়। তারা এসে আগুন নেভায়।