করোনায় খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক উৎপল কুমার সাহা (৫৩)। গত সোমবার রাতে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত ৩০ মে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

করোনা পরিস্থিতিতে উৎপল রাজধানীতে দুর্গতদের জন্য খাদ্য সহায়তা প্রদানের বিষয়টি দেখভাল করে আসছিলেন। তিনি ১৮তম বিসিএসের কর্মকর্তা। আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ১২তলাবিশিষ্ট কামিনী ভবনে তিনি সপরিবারে থাকতেন। তার স্ত্রী নাসিমা সুলতানা একই ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব। উৎপলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শোকবার্তায় মন্ত্রী বলেন, তার মৃত্যুতে খাদ্য বিভাগ একজন সৎ, অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা হারাল।