ডিজিটাল পদ্ধতিতে পাঠদানকে আরও কার্যকর করতে নতুন পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকের সব শিক্ষার্থীর তথ্য চেয়েছে মন্ত্রণালয়টি। একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের তথ্যও চাওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে।
গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। উপসচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, জেলা শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের মাধ্যমে মায়েদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবেন। শিক্ষার্থীদের জেলাভিত্তিক তথ্য ২০ জুনের মধ্যে ই-মেইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে চিঠিতে।