বিদ্রোহী হাফতার বাহিনী থেকে ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্দখলে নিল জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকার।
সরকারের এক সামরিক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন বলে আলজাজিরা জানিয়েছে।
২০১৪ সাল থেকে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ ছিল। গতবছর রাজধানী ত্রিপোলিতে হামলার পর থেকে খলিফা হাফতার বাহিনী এটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল।
মোহামদ জুনো নামে ওই মুখপাত্র বলেন, আমাদের বাহিনী ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি পুনোরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
প্রসঙ্গত, গৃহযুদ্ধ কবলিত লিবিয়া এখন দুইভাবে বিভক্ত হয়ে দুই সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণে নিয়ে সেখানে সরকার চালাচ্ছে হাফতার বাহিনী।
পশ্চিম ও দক্ষিণ লিবিয়ার তেলক্ষেত্র এবং ভূমধ্যসাগরীয় গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর সিরতও তাদের দখলে।
আরব আমিরাত, মিশর এবং রাশিয়ার সমর্থনে সেনা কর্মকর্তা খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) যুদ্ধ চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃত সরকার গভর্মেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) এর বিরুদ্ধে।
এদিকে বুধবার রুশ সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, শান্তি আলোচনার জন্য লিবিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ মিতিগসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মস্কো সফর করেছেন।
লিবিয়ার দুই পক্ষ যুদ্ধবিরতির জন্য পুনরায় আলোচনা করতে সম্মত হয়েছে জাতিসংঘের এমন ঘোষণার পর এই খবর দিল আরআইএ।