লিবিয়ায় মানবপাচারকারী চক্রের দুই সদস্য গোপালগঞ্জে গ্রেপ্তার

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের দুই সদস্য সেন্টু সিকাদার ও নারগিছ বেগমকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৮।

বুধবার রাতে তাদেরকে আটক করে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার রতন সিকদারের ছেলে সেন্টু সিকদারের বাড়ি উপজেলার লোহাইড় গ্রামে ও রব মোড়লের স্ত্রী নারগিস বেগমের বাড়ি যাত্রাবাড়ি গ্রামে।

তাদেরকে আজ আদালতে হাজির করা হবে বলে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুর রহমান জানিয়েছেন।

উল্লেখ্য, মানবপাচারকারীদের খপ্পরে পড়ে গোপালগঞ্জের সুজন মৃধা ও তার মামাতো ভাই ফরিদপুরের সালতা থানার আলমপুর গ্রামের কামরুল শেখসহ দেশের ২৬ জন লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

এ বিষয়ে এর আগে মুকসুদপুর থানায় সুজন মৃধার বাবা কাবুল মৃধা একটি মামলা দায়ের করেন।