বাবাকে পুলিশ গলায় হাঁটুচেপে হত্যা করেছে। আর মেয়ে জানে তিনি পৃথিবী বদলে দিয়েছেন। জর্জ ফ্লয়েডের ৬ বছর বয়সী ‘রাজকন্যা’ তাই হাসছে।
ফ্লয়েড গত ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত হলেও তার ৬ বছর বয়সী মেয়ে জিয়ানা এখনো মূল ঘটনা জানে না। তাকে শুধু বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা গেছেন।
ফ্লয়েডের স্ত্রী রক্সি ওয়াশিংটন ছোট্ট জিয়ানাকে নিয়ে বুধবার গুড মর্নিং আমেরিকা টিভি অনুষ্ঠানে হাজির হন। সেখানে সে হাসতে হাসতে বলেছে, ‘বাবার সঙ্গে খেলা মিস করি।’
ফ্লয়েডের মেয়ে জানিয়েছে, ডাক্তার হয়ে সে মানুষের সেবা করতে চায়।
ফ্লয়েডের স্ত্রী রক্সি মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনেও অংশ নেন। সেখানে বলেন, তার স্বামী মেয়েকে খুব ভালোবাসতেন।
তিনি জানান, ফ্লয়েডকে হত্যা করার যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার মাত্র কয়েক সেকেন্ড দেখেছেন।
৮ মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিওর কারণেই হত্যাকারীরা ফেঁসে গেছে। ঘটনার সঙ্গে জড়িত চারজনকেই অভিযুক্ত করা হয়েছে।
রক্সি বলেন, ‘জিয়ানা এখনো সব জানে না। আমি তাকে বলেছি শ্বাসকষ্টের জন্য ওর বাবা মারা গেছে।’