নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে সাগর হোসেন (২০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের বেলতলা পাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাগর হোসেন একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার সময় কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয় সাগর। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি । আজ সকালে গ্রামের কৃষকেরা মাঠে যাওয়ার সময় পুকুরে মরদেহ ভাসতে দেখে। স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে এসে পুকুর থেকে তার লাশটি উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তিটি বাকপ্রতিবন্ধী ছিল। ধারণা করা হচ্ছে পুকুরে নেমে পানিতে ডুবে মারা গেছেন তিনি।