কিছু দিন আগে ভারতীয় পেসার মোহাম্মদ শামি বলেছিলেন, ইনজুরির সঙ্গে দীর্ঘদিন লড়াই করতে করতে মানসিক অবসাদ পেয়ে বসেছিল তাকে। আত্মহত্যার ভাবনাও মাথায় ঘুরত তার। এবার দেশটির আরেক ক্রিকেটার রবিন উথাপ্পাও বললেন, এক সময় মানসিক অবসাদে ভুগতেন তিনিও। বারান্দা থেকে লাফিয়ে আত্মহত্যার কথাও ভেবেছেন একাধিক বার।
এক কথোপকথনে রবিন উথাপ্পা জানিয়েছেন, ২০০৯ সালে কোনো কারণে তার জীবনে হতাশা নেমে আসে। দুই বছর তাকে সেই দুঃসহ পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়েছে।
কলকাতা নাইট রাইডার্সের সাবেক তারকা এখন আছেন রাজস্থান রয়্যালসে। ফ্র্যাঞ্চাইজিটির ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে উথাপ্পা নিজের সেই কঠিন সময়গুলোর কথা তুলে ধরেন।
বলেন, ‘আমার এই জায়গায় আসার কারণ হল অতীতে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া। যখন মানসিক ভাবে হতাশ থাকতাম, আত্মহত্যা করার ভাবনাও মাথায় আসত। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত স্পষ্ট মনে আছে, প্রতি দিনই এই ধরনের ভাবনার বিরুদ্ধে লড়তে হত।’
উথাপ্পার মাথা থেকে তখন ক্রিকেট একেবারেই দূরে সরে গিয়েছিল, ‘এমন অনেক সময় গেছে যখন ক্রিকেটের কথা একেবারেই মাথায় আসত না। সবচেয়ে দূরের ভাবনা তখন ছিল ক্রিকেট। ভাবতাম কীভাবে যে আজকের দিনটা কাটবে। পরের দিনটা কীভাবে আসবে। ভাবতাম আমার জীবনে কী ঘটবে, কোন পথে আমি চলব।’
যোগ করেন, ‘যে দিন খেলা থাকত না, সে দিন আর অফ সিজনে খুব কঠিন হয়ে পড়ত। এক এক সময় মনে হত দৌড়ে গিয়ে ব্যালকনি থেকে লাফ দেব। কিন্তু যে কোনও কারণেই হোক, নিজেকে সামলে ফেলতে পেরেছিলাম।’
ভারতের হয়ে ৪৬টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন ৩৪ বছর বয়সী উথাপ্পা। দুই ফরম্যাটে যথাক্রমে ৯৩৪ এবং ২৪৯ রান তার।