প্রিমিয়ার লিগে ৫ বদলি

ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ জন বদলি খেলোয়াড় নামানোর বিষয়ে একমত হয়েছে ক্লাবগুলো। ২০১৯-২০ মৌসুমের বাকি ম্যাচগুলোতেই তাই সাময়িক এই নিয়ম কার্যকর থাকবে।

করোনাভাইরাসের কারণে তিন মাস বন্ধ থাকার পর ১৭ জুন ফের লিগ মাঠে গড়াবে।

করোনা পরবর্তী সময়ে খেলোয়াড়দের অল্প সময়ের ব্যবধানে অনেক ম্যাচ খেলতে হবে। তাই ইনজুরির ঝুঁকি থাকবে খেলোয়াড়দের। এই বিষয়টি মাথায় রেখে কিছুদিন আগেই বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব করেছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যা অনুমোদন দেয় ফুটবলের নিয়ম তৈরির সংস্থা আইএফএবি।

তবে নতুন এই আইন কার্যকরের ক্ষেত্রে প্রতিটি লিগ কর্তৃপক্ষকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। কিছুদিন আগেই ফের মাঠে গড়ানো জার্মান লিগ বুন্দেসলিগায়ও এই নিয়ম চালু হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষও একই পথে হেঁটেছে।

বৃহস্পতিবার বৈঠকের পর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। একই সঙ্গে জানানো হয়েছে, প্রতি ম্যাচের জন্য দলগুলো ৭ জনের জায়গায় ৯ জন বদলি খেলোয়াড়ের নাম দিতে পারবে।

ফুটবলে এমনিতে তিনজন বদলি খেলোয়াড় নামানোর নিয়ম। করোনার কারণে যা আপাতত ৫ জন করা হয়েছে।