নিজের ফিশারিতে মাছ দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার তেলীকুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক ওই গ্রামের মৌলা মিয়ার ছেলে জামান আকন্দ (৩৫)। তিনি উপজেলার সিংধা ইউনিয়নের তেলীকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিক্ষক জামান আকন্দ সন্ধ্যার আগে বাড়ির অদূরে নিজের ফিশারিতে মাছ দেখতে যান। সেখানে তিনি পল্লী বিদ্যুতের ছেঁড়া তার দেখতে পান। পরে তা জোড়া দিতে দিয়ে তারে জড়িয়ে পড়েন।
এলাকাবাসী তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।