রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রামের রাউজান আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বড় ভাই এবিএম ফজলে রাব্বি চৌধুরী মানিক (৭০) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। এবিএম ফজলে রাব্বি চৌধুরী মানিক তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা একেএম ফজলুল কবির চৌধুরী ও সাজেদা কবির চৌধুরীর ৫ ছেলে ও ৩ মেয়ের মধ্যে দ্বিতীয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এবিএম ফজলে রাব্বি চৌধুরী রাজনৈতিক পরিবারের সন্তান হলেও তিনি সফল ব্যবসায়ী। নানা মানবিক ও সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রামবাসী একজন প্রকৃত সমাজসেবককে হারিয়েছেন। তথ্যমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।