জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাবেক এক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার আসামিরা হলেন টিসিবির সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তার স্ত্রী জাহান আরা। তাদের বিরুদ্ধে ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার টাকার সমমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আলতাফ হোসেন।
দুদক সজেকা ঢাকা-১ মামলার নম্বর ১। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৬৬৩ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। ওই টাকা নিজেদের দখলে রেখেছেন এবং জেনে-শুনে অসৎ উদ্দেশ্যে উক্ত সম্পদ অর্জনের উৎস সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দুদকে দাখিল করেন। যার কারণে দুদক আইন, ২০০৪-এর ২৬ (২), ২৭(১) ও দন্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করা হয়েছে।