করোনা পরীক্ষার ভুয়া সনদ!

খুমেক হাসপাতালের আইসোলেশন ইউনিটের মুখপাত্রকে প্রত্যাহার

করোনা পরীক্ষার ভুয়া সনদ দেওয়ার অভিযোগে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ইউনিটের মুখপাত্র আবাসিক ফিজিশিয়ান ডা. শৈলেন্দ্র নাথ বিশ^াসকে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার হাসপাতাল কর্র্তৃপক্ষ এক সভায় তাকে প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেয়।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের ফ্লু কর্নারে আসা এক রোগীকে করোনা নেই বলে শৈলেন্দ্র নাথ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। পরে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এদিকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি রোগীরা আতঙ্কে রয়েছেন। ওই ওয়ার্ডে ভর্তি রোগীদের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এ বিষয়ে শৈলেন্দ্র নাথ বলেন, ‘তথ্যগত ত্রুটির কারণে এমনটি হয়েছে। ওই রোগী ফ্লু কর্নারে এলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। সেখান থেকে জানানো হয় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ নেই। এ জন্য তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে জানানো হয় ওই রোগীর করোনা।’ হাসপাতালের পরিচালক মুন্সি রেজা সেকেন্দার বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় শৈলেন্দ্র নাথকে প্রত্যাহার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকে ওই ইউনিটে দায়িত্ব পালন করবেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান।