ডোমারে ১ কিলোমিটার রাস্তা প্রশস্ত করছে গ্রামবাসী

রাস্তা প্রশস্তকরণে নেই কোনো সরকারি বরাদ্দ। তাই ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছায় কোদাল হাতে নিয়ে এক কিলোমিটার দৈর্ঘ্যরে ৬ ফিটের কাঁচা রাস্তা ১২ ফিট প্রশস্তকরণ কাজ শুরু করেছে গ্রামবাসী।

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমনের নেতৃত্বে ইউনিয়নের নদীয়াপাড়া গ্রামের রাস্তাটি প্রশস্ত করা হচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ওই গ্রামের শতাধিক মানুষের সঙ্গে কোদাল দিয়ে মাটি কেটে রাস্তা প্রশস্তকরণে কাজ করেন ইউপি চেয়ারম্যান।

গতকাল বুধবার সকালে ওই গ্রামে গিয়ে দেখা যায়, ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে গ্রামের নারী-পুরুষ, কিশোর-বৃদ্ধসহ শতাধিক মানুষ নিরলসভাবে কাজ করছেন। কেউ মাটি কাটছেন, কেউ আবার সেই মাটি মাথায় করে নিয়ে রাস্তায় ফেলছেন। আবার কেউ রাস্তার পাড় মেরামত করছেন।

নদীয়াপাড়া গ্রামের বাসিন্দারা জানান, গ্রামে প্রবেশ ও বের হওয়ার একমাত্র ভরসা ওই কাঁচা রাস্তাটি। এক কিলোমিটার দৈর্ঘ্যরে রাস্তাটি প্রশস্ত ৬ ফিট। ওই রাস্তা দিয়ে গ্রামে শুধু বাইসাইকেল-মোটরসাইকেল ও রিকশা-ভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারে না। ফলে গ্রামে কোনো বাড়িতে আগুন লাগলে দমকল বাহিনীর গাড়ি কিংবা কোনো মানুষ গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না গ্রামের এই রাস্তায়।

ডোমার বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন বলেন, নদীয়াপাড়া গ্রামের এক কিলোমিটার দৈর্ঘ্যরে ওই কাঁচা রাস্তার প্রশস্ত ৬ ফিট। ওই রাস্তাটি ১২ ফিট প্রশস্তকরণের জন্য দীর্ঘদিন থেকে দাবি করে আসছে এলাকাবাসী।