মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের কোলাগ্রামের বদিউজ্জামান লিটু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর ওই পরিবারের চার সদস্যের শরীরে এখন করোনা পজিটিভ। এজন্য ওই বাড়িসহ আশপাশের ১৫ বাড়ি লকডাউন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন নাসির উদ্দিন।
সিভিল সার্জন জানান, ৩১ মে পরিবারের কর্তা লিটু (৫০) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। গত ২৫ মে করোনা উপসর্গ নিয়ে তিনি মেহেরপুরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এরপর গত ১ জুন লিটুর স্ত্রী জানাকী খাতুন (৪০), বড় ছেলে জনি (২৫), ছোট ছেলে রাজিব (১৮) এবং বড় ছেলের বউ জিনিয়া পারভীন (২১) এর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে গত বুধবার তাদের রিপোর্ট করোনা পজিটিভ আসে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খাঁন জানান, লিটুর বাড়িসহ আশপাশের সব বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত বাড়ির সবাইকে পরামর্শ দিয়ে আসা হয়েছে ১৫ দিন বাইরে বের না হওয়ার।