যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের সম্ভাব্য টিকার ট্রায়াল হবে ব্রাজিলে। সেখানে চলতি মাসেই শুরু হচ্ছে এ কার্যক্রম। ব্রাজিলের স্বাস্থ্য পর্যবেক্ষক সংস্থা অ্যানভিসা ও ফেডারেল ইউনিভার্সিটি অব সাও পাওলো (ইউনিফেস্প) এ তথ্য নিশ্চিত করেছে।
ইউনিফেস্প জানিয়েছে, গত মঙ্গলবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকাকে ব্রাজিলে তাদের টিকা পরীক্ষার অনুমোদন দিয়েছে অ্যানভিসা। এ পরীক্ষায় অন্তত দুই হাজার মানুষ অংশ নেবেন। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হবে এ কার্যক্রম। ব্রাজিলে এ গবেষণায় নেতৃত্ব দেবেন ইউনিফেস্পের রেফারেন্স সেন্টার ফর স্পেশাল ইমিউনোবায়োলজিক্যালসের (সিআরআইই) সমন্বয়ক লিলি ইন ওয়েক্স।