বলিউডের ধনী তারকা বলতে সবার আগেই নাম আসে দুই খান শাহরুখ-সালমানের। এরপর বাকিদের কথা মাথায় আসে। কিন্তু এক বছরের আয়ের নিরিখে তাদের টপকে ফোর্বসের তালিকায় স্থান করে নিলেন অক্ষয় কুমার।
শুধু শাহরুখ বা সালমানই নয়, এবার বিরাট কোহলিও নেই ধনী সেলিব্রিটির তালিকায়।
সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সর্বাধিক পারিশ্রমিকের সেলিব্রিটিদের তালিকা প্রকাশ করেছে। অক্ষয় কুমারই একমাত্র ভারতীয় সেলিব্রিটি যিনি এতে স্থান পেয়েছেন।
এক প্রতিবেদনে বলা হয়, জুন ২০১৯ থেকে মে ২০২০ পর্যন্ত বলিউড ‘খিলাড়ি’র উপার্জন ৪.৮৫ কোটি ডলার। তালিকায় ৫২তম স্থানে রয়েছেন তিনি।
একদম শীর্ষে রয়েছেন ২২ বছর বয়সী রিয়্যালিটি শো তারকা কাইলি জেনার, আয় ৫৯ কোটি ডলার। তার ভগ্নিপতি ব়্যাপার কেনি ওয়েস্ট রয়েছেন তৃতীয় স্থানে, আয় ১৭ কোটি ডলার। তালিকায় প্রথম দশে আরও রয়েছেন রজার ফেদেরার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, অভিনেতা ও কমেডিয়ান টাইলার পেরি, ফুটবলার নেইমার, টেলিভিশন হোস্ট হাওয়ার্ড স্টারন এবং আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেবারন জেমস। অভিনেতা ডোয়েন জনসন রয়েছেন একাদশ স্থানে।
অক্ষয় কুমারের এই তালিকায় স্থান পাওয়ার প্রধান কারণ পারিশ্রমিক। তিনি বিশ্বের চতুর্থ সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাও। বলিউডে তার পারিশ্রমিকই সবচেয়ে বেশি। গত বছর তিনি ফোর্বসের তালিকায় ৩৩তম স্থানে ছিলেন। এবার পিছিয়ে এলেও আয়ের নিরিখে হারিয়ে দিয়েছেন হলিউডের উইল স্মিথ, অ্যাঞ্জেলিনা জোলি, রিহানা, লেডি গাগা, জেনিফার লোপেজের মতো তারকাদের।