নাসিমের সুস্থতা কামনা করে ১৪ দলের বিবৃতি

করেনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনা করেছেন ১৪ দলের নেতারা।

শুক্রবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের ১২জন নেতা যৌথ বিবৃতিতে নাসিমের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তার সুস্থতা কামনা করেন। বিবৃতিটি ১৪ দলের শরিক ওয়ার্কাস পার্টির পক্ষ থেকে পাঠানো হয়।

মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসা অবস্থায় শুক্রবার ভোরে তার ব্রেন স্ট্রোক হয়। পরে হাসপাতালে তার সফল অপারেশন হয়।

বিবৃতিতে ১৪ দলের নেতারা সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এক এগারোর সেনা শাসনে তার ওপর যে নির্যাতন চালানো হয় ফলে সে সময় তার স্ট্রোক হয়েছিল। ভালো হয়ে উঠলেও সেই নির্যাতনের পরিণাম এখন বহন করছেন। এবং করোনায় আক্রান্ত হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

সফল অপারেশনের প্রসঙ্গ টেনে নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, এটা আশার কথা ইতোমধ্যে নিউরো সার্জন তার মস্তিষ্কে অস্ত্রপচার করাও হয়েছে এবং এটা আশা করা যায় যে, তিনি সুস্থ হয়ে উঠবেন। ১৪ দলের নেতৃবৃন্দ তার দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিবৃতিতে সই করা নেতারা হলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সম্পাদক ডা. শাহাদত হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণআজাদী লীগের সভাপতি এ্যাড. এস কে শিকদার, বাসদ এর আহ্বায়ক রেজাউর রশিদ এবং গণতান্ত্রিক মজদুর পার্টি সভাপতি জাকির হোসেন।