স্পিনারদের আধিপত্য চান কুম্বলে

ক্রিকেটের বোলিং পরিবার এখন একমত বলে থুতু ব্যবহারের আলোচনাতেই ব্যস্ত। কিন্তু এই পরিবারের একজন ভিন্ন দিকে তাকিয়ে আছেন। ভারতের সর্বাধিক উইকেটশিকারি ও সাবেক অধিনায়ক অনিল কুম্বলে ফিরতে চাইছেন অতীতে, যখন টেস্টে আধিপত্য ছিল স্পিনারদের।

সেই সময়টা এখন ফিরে দেখতে চান কুম্বলে। শুধু তাই না, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পিচেও টার্নিং উইকেট করে স্পিনারদের সাফল্য দেখতে চান আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান।

করোনা-পরবর্তী সময়ে বোলারদের জন্য নতুন নিয়ম নিয়েই বিতর্ক চলছে। অনেকেই মনে করছেন থুতু ব্যবহার করে বল শাইনিংয়ের পুরনো রীতি উঠে যাওয়ায় ব্যাটসম্যানরা বেশি সুবিধা পাবেন। এখানেই কাজ করতে চান কুম্বলে। তিনি পিচকে কিছুটা বোলারবান্ধব করার পক্ষে।

বলেছেন, ‘ক্রিকেট এমন একটা খেলা যেখানে আপনি পিচ নিয়ে বিভিন্ন পরীক্ষা করতে পারেন। যা ইচ্ছা তা করতে পারেন। বিশ্বের অন্য কোনো খেলায় এই সুবিধাটা নেই। তাই আমরা পিচে বৈচিত্র্য আনার বিষয়টি নিয়ে কেন ভাবব না। পিচ ব্যবহার করেই তো আমরা ব্যাটে-বলে ভারসাম্য আনতে পারি।’

কাকতালীয় ভাবে একদিন আগে শ্রীলঙ্কান কোচ মিকি আর্থারও বলছিলেন পিচকে বোলিংবান্ধব করার কথা ভাবছে ক্রিকেট কমিটি। এই কমিটির প্রধান হিসেবে কুম্বলেও একই কথা ভাবলেন। টেস্টে সামনে থেকে স্পিনারদের বেশি দেখতে চান তিনি।

বলেন, ‘আমরা পিচে বেশি ঘাস রাখতে পারি। অথবা এটাকে এমন ভাবে প্রস্তুত করতে পারি যেন স্পিনাররা বাড়তি সুবিধা পান। চলুন টেস্ট ম্যাচে স্পিনারদের ফিরিয়ে আনি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমরা কিন্তু বল শাইন করা নিয়ে ভাবছি না। কিন্তু টেস্টে ভাবতে হয়।’

‘এই সময় স্পিনারদের এগিয়ে আসার সুযোগ দেওয়া যেতে পারে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের টেস্টগুলোতেও দুজন করে স্পিনার দেখতে চাই। এটা এশিয়ার টেস্টেগুলোতে অহরহ হয় কিন্তু পশ্চিমা বিশ্বের টেস্টগুলোতে হয় না। করোনার সময়ে এই অবস্থার বদল হতে পারে।’