বাংলা চলচ্চিত্রের প্রয়াত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির মেজো ভাই মুক্তিযোদ্ধা ও নজরুল সংগীত শিল্পী মনোয়ার হোসেন মনির (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টায় সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মনোয়ার হোসেন মনির সোনারগাঁ শিল্পকলা একাডেমির সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তালিকাভুক্ত নজরুল সংগীত শিল্পী পাশাপাশি বেশ কিছু টিভি নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় শুক্রবার বাদ জুমা স্থানীয় মসজিদ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা ও সংগীত শিল্পী মনোয়ার হোসেন মনিরের মৃত্যুতে সোনারগাঁ শিল্পকলা একাডেমি, মুক্তিযোদ্ধা সংসদ সোনারগাঁ শাখা ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।