মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম মারা গেছেন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম (৭২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে নগরীর জাংগালিয়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মরহুমের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় জাংগালিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও দিশাবন্দে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার শোক প্রকাশ করেছেন।

মুক্তিযুদ্ধ চলাকালে ২ নম্বর সেক্টরে প্লাটুন কমান্ডারের নেতৃত্ব দিয়েছিলেন সিরাজুল ইসলাম। সে সময় তার নেতৃত্বে ‘টাইগার বাহিনী’ নামে স্থানীয় একটি বাহিনী গড়ে ওঠে। এ জন্য তিনি টাইগার সিরাজ নামেও খ্যাত ছিলেন।