হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে আমদানি-রপ্তানি চালুর সিদ্ধান্ত

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে প্রায় আড়াই মাস বন্ধের পর আজ শনিবার সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি চালুর সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের আহ্বানে শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দাঁড়িয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীদের মাঝে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজের নেতৃত্বে ব্যবসায়ী ও পৌর মেয়র জামিল হোসেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ ৮ সদস্য এবং ভারতের পক্ষে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন সরকারের নেতৃত্বে সাধারণ সম্পাদক সঞ্জয় মজুমদার, অশোক আগারওয়াল, পান্না ভৌমিক, বিকাশ রায়সহ ৮ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, ইতিমধ্যেই সোনামসজিদ, ভোমরা, বেনাপোলসহ অন্যান্য বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।