কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে টাঙ্গাইলের কালীহাতি, ভুঞাপুর ও টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর পূর্ব পাড়ে শুরু হয়েছে ভাঙন। উৎকণ্ঠা আর আতঙ্কের মধ্যেই সময় পার হচ্ছে নদীপাড়ের মানুষগুলোর। এমন সময় তাদের পাশে দাঁড়াবার যেন কেউ নেই। করোনা আতঙ্কের মধ্যে এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা।
বর্ষাকাল আসার আগেই জেলার কালীহাতি উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর, বেলটিয়া, দুর্গাপুর ইউনিয়নের ভৈরববাড়ী, সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের কাকুয়া, চর পৌলী ও ভুঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি, কষ্টাপাড়া, ভালকুটিয়া, চিতুলিয়াপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে।
মুক্তিযোদ্ধা আবুল কালমা আজাদসহ স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অত্যাধুনিক ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ফলে এই ভাঙন সৃষ্টি হয়েছে। এ বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, টাঙ্গাইল সদরসহ যে যে এলাকায় ভাঙন শুরু হয়েছে ওই সব এলাকায় অস্থায়ীভাবে ভাঙন ঠেকাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাজ করার অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছি।