কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরও ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট শনাক্ত ৫০০ ছাড়িয়ে গেছে। অন্যদিকে সুস্থ হয়েছেন মাত্র ছয়জন। এ পর্যন্ত মারা গেছেন ১২ জন।
রাত ১২টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরগঞ্জ জেলা থেকে নতুন করে আরও ৪৭ জনের কভিড-১৯ পজিটিভ এসেছে। নমুনা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এবং রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়েছিল। রিপোর্ট অনুযায়ী এখন কিশোরগঞ্জ জেলায় ৫০৩ জনের করোনাভাইরাস পজিটিভ।
কিশোরগঞ্জ বড় বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু বলেন, প্রশাসনের নির্দেশনা মানছে না কেউ। যার কারণে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশ দেওয়া আছে এবং শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা যারা মানছে না, তাদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হচ্ছে।